প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১০:৪৯ পিএম
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম নিস্তব্ধ। এটা কী হলো? ইংলিশ লায়ন্সের মাথায় হাত! এমন কিছুর জন্য কেউ প্রস্তুতও ছিল না। ম্যাচের বয়স তখন মাত্র ৭ মিনিট।
দুই দলের খেলোয়াড়দের শরীর গরমও হয়ে উঠেনি! নেই তেমন কোনো আক্রমণ। কিংবা সুন্দর ফুটবল প্রদর্শণী। এমনিতেও ম্যাচ নিয়ে আলোচনা কম।
সেখানে বাড়তি উন্মাদনা কিংবা চমকপ্রদ কিছু না হলে ম্যাচ একপেশেই হওয়ার কথা। কিন্তু না। তেমন কিছু হলো না। পুরো পৃথিবীর চোখ ডিআর কঙ্গো দখল করে নিল। তারা জানিয়ে দিল, ইংল্যান্ডকে ছেড়ে কথা বলবে না। স্রেফ চমকে দিয়ে ইংল্যান্ডের রক্ষণ ভেঙে গোল দিয়ে লিড পেল মধ্য আফ্রিকার দেশটি।
ইংল্যান্ডকে স্তব্ধ করে কঙ্গোকে এগিয়ে নিলেন ব্রায়ান সিপেঙ্গা। বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। অধিনায়ক শানসেল এমবেম্বার লম্বা ক্রস থেকে ফাঁকায় বল পান ব্রায়ান। সময় নিয়ে বল জালে পাঠাতে ভুল করেননি ব্রায়ান।