• ঢাকা শুক্রবার
    ১৬ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
হাসনাত আব্দুল্লাহ বললেন

সাশ্রয়ের নসিহতের বিপরীতে লুটপাটের অভিযোগ— এটাই কি ‍‍`আই হ্যাভ এ প্ল্যান‍‍`?

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০১:০৮ পিএম

সাশ্রয়ের নসিহতের বিপরীতে লুটপাটের অভিযোগ— এটাই কি ‍‍`আই হ্যাভ এ প্ল্যান‍‍`?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় ৩৪২ কোটি টাকার ট্যাবলেট/প্যাড ক্রয়ের কাজে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমতার প্রভাব খাটিয়ে মন্ত্রীদের স্বজনদের বিরুদ্ধে ধারাবাহিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কঠোর সমালোচনা করে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

তিনি লেখেন, ‘ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজটি বাগিয়ে নেয়।’

তিনি আরও লেখেন, ‘দেশে কর্মসংস্থান নেই, বাজারে স্বস্তি নেই, বিনিয়োগ নেই— আছে শুধু মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। কোনো মন্ত্রীর ছেলে, কারও স্ত্রী, আবার কারও ভাই—এভাবেই বারবার আলোচনায় আসছে ক্ষমতাবানদের স্বজনদের নাম।’

এনসিপির এই নেতা লেখেন, ‘একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার মধ্যাহ্নভোজের গল্প শুনিয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার উপদেশ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারকে ঘিরে উঠছে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। জনগণকে সাশ্রয়ের নসিহত, আর ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ।’

সবশেষে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?’

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ