প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ১২:৩৩ পিএম
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বহুমাত্রিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা খাতে সংযোগ সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী বিপুলসংখ্যক পর্যটকের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়।
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো এবং বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় কোম্পানির কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় করেন তারা। এ সময় ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আরও নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।
পাশাপাশি পোশাক, পাট, কৃষিপণ্য ও পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। বহুমাত্রিক সহযোগিতা জোরদার এবং অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত প্রকাশ করে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা।